আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি দুই দেশ সীমান্তে শত্রুতা বন্ধ না করে তবে তাদের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি বাতিল করা হবে এবং নতুন করে শুল্ক আরোপ করা হবে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমি তাদের বলেছি, যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে শুধু বাণিজ্য চুক্তিই ভাঙব না, বরং তাদের দেশের ওপর শুল্কও আরোপ করব। আমি ছাড়া আর কেউ এসব করতে পারবে না।”
এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুই নেতা ২৪ ঘণ্টার মধ্যে শত্রুতা বন্ধ করে শান্তি চুক্তি বাস্তবায়নে ফিরে যেতে সম্মত হয়েছেন। তবে এরপরও সীমান্তে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
গত অক্টোবরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এতে সীমান্ত সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের রূপরেখা তুলে ধরা হয়—উত্তেজনা হ্রাস, আস্থা পুনরুদ্ধার এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক পুনঃস্থাপন।
কিন্তু গত ৭ ডিসেম্বর নতুন করে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ করে। এর জবাবে থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে আক্রমণ চালায়। উভয় দেশই বেশ কয়েকজন হতাহতের খবর দিয়েছে।




