রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, এ সংঘাত অব্যাহত থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে তিনি বলেন, গত মাসেই এ যুদ্ধে অন্তত ২৫ হাজার সেনা নিহত হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। গত মাসে ২৫ হাজার সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি।” তিনি আরও বলেন, “এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। সবাই এ ধরনের খেলা খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমরা চাই না এমনটি হোক।”
আমেরিকার প্রেসিডেন্ট জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত থামাতে তিনি বারবার চেষ্টা করেছেন। দুই দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন, ফোনে কথা বলেছেন। কিন্তু কোনো ফলপ্রসূ পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে তিনি দুই দেশের ওপরই ক্ষুব্ধ।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুদ্ধবিরতিতে পৌঁছানোর ধীর অগ্রগতিতে ট্রাম্প হতাশ। তিনি আর এমন বৈঠকে যোগ দিতে চান না, যা শুধুই বৈঠক হবে কিন্তু ফলাফল শূন্য থাকবে।
ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকার প্রস্তাবিত শান্তিচুক্তিতে স্বাক্ষর না করায় তিনি ক্ষুব্ধ।




