আমেরিকায় ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি পর্যটকদের জন্য নতুন বিধি-নিষেধের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানসহ ৪২টি দেশের নাগরিকদের সোশ্যাল মিডিয়ার অন্তত পাঁচ বছরের ইতিহাস জমা দিতে হবে। বুধবার বিবিসি ও এএফপি এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে প্রস্তাবটি করা হয়েছে।
বর্তমানে এসব দেশের নাগরিকরা ইলেকট্রনিক সিস্টেম ফর ট্র্যাভেল অথরাইজেশন (ESTA) এর মাধ্যমে ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত আমেরিকায় ভ্রমণ করতে পারেন। নতুন নিয়ম কার্যকর হলে সোশ্যাল মিডিয়ার তথ্য সংগ্রহ ESTA আবেদনের বাধ্যতামূলক অংশ হয়ে উঠবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের গত পাঁচ বছরের ফোন নম্বর, গত দশকের ইমেল ঠিকানা, পরিবারের সদস্যদের ব্যক্তিগত বিবরণ এবং বায়োমেট্রিক তথ্যও জমা দিতে হবে। নতুন প্রস্তাবের ওপর মন্তব্য করার জন্য আমেরিকার জনসাধারণকে ৬০ দিন সময় দেওয়া হয়েছে।
এদিকে দক্ষ কর্মী ভিসা এইচ-১বি ও নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতে অবস্থিত আমেরিকার দূতাবাস জানিয়েছে, নতুন নীতির কারণে অনেক আবেদনকারীর সাক্ষাৎকারের তারিখ আগামী বছরে পেছানো হয়েছে। নতুন নির্দেশনায় আবেদনকারীদের সব সোশ্যাল মিডিয়া প্রোফাইলের প্রাইভেসি সেটিং ‘পাবলিক’ রাখতে বলা হয়েছে।
অভিবাসনের ওপর ব্যাপক কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন আমেরিকায় প্রবেশের ওপর বিধিনিষেধ কঠোর করে চলেছে।




