সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

নিউ ইয়র্কের মেয়র হিসেবে গ্রেসি ম্যানশনে উঠছেন জোহরান মামদানি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তাঁর নতুন ঠিকানা নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি নিশ্চিত করেছেন, আগামী জানুয়ারিতে তিনি ও তাঁর স্ত্রী রামা দুয়াজি ম্যানহাটনের ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে উঠছেন।

গত সপ্তাহ পর্যন্তও মামদানি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বাসস্থান নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে পরিবারের নিরাপত্তা এবং নিউ ইয়র্কবাসীর জন্য তাঁর ঘোষিত ‘অ্যাফোর্ডেবিলিটি অ্যাজেন্ডা’ বাস্তবায়নে মনোযোগী থাকার প্রয়োজনীয়তা বিবেচনা করে তিনি সরকারি বাসভবনে ওঠার সিদ্ধান্ত নেন।

মামদানি বলেন, “সিদ্ধান্তটি এসেছে আমার পরিবারের নিরাপত্তা ও নিউ ইয়র্কবাসী যে অ্যাজেন্ডার জন্য আমাকে ভোট দিয়েছেন, তার কথা ভেবে। এখন নিউ ইয়র্কবাসীর অ্যাজেন্ডা বাস্তবায়নের দিকেই আমার মনোযোগ থাকবে।”

ম্যানহাটনে স্থানান্তরের প্রস্তুতি হিসেবে তিনি কুইন্সের অ্যাস্টোরিয়ায় তাঁর ভাড়া বাড়িকে বিদায় জানান। মাসে ২ হাজার ৩০০ ডলার ভাড়া দিয়ে এই বাড়িতে থাকতেন তিনি। মামদানি জানান, অ্যাস্টোরিয়ার স্মৃতিগুলো তাঁর কাজের মধ্যে সব সময় জীবিত থাকবে।

গ্রেসি ম্যানশনটি নির্মিত হয় ১৭৯৯ সালে। প্রায় ১০০ মিলিয়ন ডলারের এই ঐতিহাসিক প্রাসাদটি ১৯৪০-এর দশক থেকে নিউ ইয়র্ক সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২২৬ বছরের পুরোনো এই ভবনটি ১১ হাজার বর্গফুটের এবং ম্যানহাটনের ইয়র্কভিল নেবারহুডে ইস্ট অ্যান্ড এভিনিউয়ের ৮৮-স্ট্রিটে অবস্থিত।

প্রসঙ্গত, জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন।