বিশ্বব্যাপী যুদ্ধ–সংঘাত থামিয়ে শান্তির বার্তা প্রচারের স্বীকৃতি হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পদক ও সনদ তুলে দেন।
ফিফার পক্ষ থেকে জানানো হয়, ফুটবল যেমন মানুষকে ঐক্যবদ্ধ করে, ট্রাম্পও আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এ কারণেই তাকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ইনফান্তিনো সনদের একটি অংশ পড়ে শোনান, যেখানে উল্লেখ ছিল— “বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর পক্ষ থেকে এই শান্তি পুরস্কার প্রদান করা হলো।”
পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা। আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি—উদাহরণ হিসেবে কঙ্গো, যেখানে ১ কোটি মানুষ মারা গিয়েছিল এবং পরিস্থিতি খুব দ্রুতই আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।’
ট্রাম্প আরও বলেন, ‘জিয়ান্নি (ফিফা সভাপতি) অসাধারণ কাজ করেছে, টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। ফুটবল অথবা যেটাকে আমরা ‘সকার’ বলি—এর জন্য এটি সুন্দর এক স্বীকৃতি। এখন পৃথিবী আরও নিরাপদ। এক বছর আগেও আমেরিকা ভালো অবস্থায় ছিল না, আর এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ।’
ফিফার ইতিহাসে এটি প্রথম শান্তি পুরস্কার প্রদান। সংস্থাটি জানিয়েছে, ক্রীড়াঙ্গনের বাইরে গিয়ে বৈশ্বিক শান্তি ও মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে ব্যক্তির ভূমিকা থাকে, তাকেই এই পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।




