সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

নিউ ইয়র্কে আটজন অভিবাসন বিচারককে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক শহরে অভিবাসনবিষয়ক আদালতে কর্মরত আটজন বিচারককে বরখাস্ত করেছে আমেরিকার বিচার বিভাগ। মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস (এনএআইজে)।

ট্রাম্প প্রশাসনের অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে কট্টর অবস্থান ঘিরে চলমান অনিশ্চয়তার মধ্যেই এই বরখাস্তের ঘটনা ঘটল। এনএআইজে জানায়, বরখাস্ত হওয়া বিচারকরা সবাই ম্যানহাটানের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন। এখানকার আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতি দেওয়া–সংক্রান্ত মামলাগুলো পরিচালনা করে থাকে।

গত কয়েক মাসে মুখোশধারী ফেডারেল কর্মকর্তারা প্রায় প্রতিদিনই জ্যাকব কে জাভিটজ ফেডারেল বিল্ডিং-এর করিডরে টহল দিয়ে আসছিলেন। শুনানি শেষে অভিবাসীদের আটক করার ঘটনাও একাধিকবার সংবাদমাধ্যমের সামনে ঘটেছে। এসব ঘটনার কারণে ২৬ ফেডারেল প্লাজা অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের প্রতীকী স্থানে পরিণত হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসনবিষয়ক প্রায় ৬০০ বিচারক রয়েছেন। তাদের মধ্যে চলতি বছরে প্রায় ৯০ জনকে বরখাস্ত করা হয়েছে। সর্বশেষ সংযোজন হলো নিউ ইয়র্কের এই আট বিচারক।

অভিবাসীদের পক্ষে কাজ করা সংগঠনগুলো মনে করছে, বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে, যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ।