ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হঠাৎ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ওভাল অফিসে বৈঠক করেছেন। বৈঠকে ভেনেজুয়েলা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তবে হোয়াইট হাউস বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্টের সামনে “সব ধরনের বিকল্প” খোলা রয়েছে।
এরই মধ্যে আমেরিকা ক্যারিবীয় সাগরে বড় আকারের নৌবহর মোতায়েন করেছে। মাদকবিরোধী অভিযানের নামে সন্দেহভাজন নৌযানে হামলা চালানো হচ্ছে এবং ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
অন্যদিকে কারাকাসে এক গণসমাবেশে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেন, ওয়াশিংটন তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ভেনেজুয়েলা সার্বভৌমত্ব ও স্বাধীনতার ভিত্তিতে শান্তি চায়, “দাসত্বের শান্তি” নয়।
ট্রাম্প নিশ্চিত করেছেন, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আলোচনায় সম্ভাব্য বৈঠক এবং মাদুরো ক্ষমতা ছাড়লে সাধারণ ক্ষমার প্রস্তাবও ছিল। রিপাবলিকান সিনেটর মার্কওয়াইন মুলিন জানান, আমেরিকা চাইলে মাদুরোকে অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয়ের সুযোগ দিতে পারে।




