বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভেনেজুয়েলা ছাড়তে মাদুরোকে ‘আল্টিমেটাম’ দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য কঠোর ‘আল্টিমেটাম’ দিয়েছেন। সূত্রের বরাত দিয়ে মিয়ামি হেরাল্ড সংবাদপত্র এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাদুরো যদি অবিলম্বে পদত্যাগ করেন, তাহলে দেশ ত্যাগের পর তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে ওয়াশিংটন।

মিয়ামি হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প-মাদুরো ফোনালাপটি নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল। ওই আলোচনায় মাদুরো, তার স্ত্রী ও ছেলে পদত্যাগ করলে তাদের নিরাপদভাবে দেশ ছাড়ার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব রেখেছিল আমেরিকা।

সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ফোনালাপটি ‘সরাসরি সংঘর্ষ এড়াতে শেষ প্রচেষ্টা’ হিসেবে দেখা হয়েছে। ব্রাজিল, কাতার ও তুরস্ক এই ফোনালাপের আয়োজন করেছিল। তবে মাদুরো সরকার ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এরই মধ্যে শনিবার ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণরূপে বন্ধ’ বিবেচিত হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটন শিগগিরই ভেনেজুয়েলার ভূখণ্ডে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিতে পারে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প ইতোমধ্যে সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন। এছাড়া, ২৭ নভেম্বর তিনি বলেছেন, মাদক পাচার রোধে ভেনেজুয়েলায় খুব শিগগিরই স্থল অভিযান শুরু করা হবে, তবে এর বিস্তারিত পরিকল্পনা এখনও প্রকাশ করা হয়নি।

‘আল্টিমেটাম’টি আন্তর্জাতিক কূটনীতি ও ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।