বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা ও এর চারপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এয়ারলাইন্স, পাইলট এবং মাদক ও মানব পাচারকারীদের এসব আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান। এই পদক্ষেপকে মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর নতুন সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে আমেরিকা, যা দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র করেছে।

ট্রাম্প প্রশাসন অভিযোগ করে আসছে, ভেনেজুয়েলায় মাদক সরবরাহে মাদুরো সরকার জড়িত, যা আমেরিকায় বহু মানুষের প্রাণ নিয়েছে। তবে মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, আমেরিকা তাঁকে উৎখাত করার চেষ্টা করছে। তিনি নিশ্চিত করেছেন যে, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন প্রচেষ্টা প্রতিহত করবে।

আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে বৃহৎ সামরিক সমাবেশ ও বিমানবাহী রণতরী মোতায়েন করে ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার উপকূলে মাদকবাহী নৌকায় হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, আমেরিকা এই হামলার কোনো প্রমাণ দেখায়নি।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, লাতিন আমেরিকার নেতারা, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং আমেরিকার কংগ্রেসের কিছু সদস্যই এসব হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্প এই অঞ্চলে সামরিক মোতায়েনের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের লক্ষ্যে আরও পদক্ষেপ নিতে পারেন।