বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের ২ সদস্য গুলিবিদ্ধ, সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এই হামলার পর সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম রহমানুল্লাহ লাকানওয়াল, বয়স ২৯ বছর। তিনি আফগানিস্তানের নাগরিক। ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করার পরই বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গ্রেপ্তারের পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “এই ঘটনা শুধু সন্ত্রাসবাদী কার্যকলাপই নয়, বরং মানবতাবিরোধী অপরাধ। হোমল্যান্ড সিকিউরিটি নিশ্চিত করেছে যে এই ব্যক্তি বিদেশি—তিনি আফগানিস্তান নামের সেই নরককুণ্ড থেকে এসেছেন।”

তিনি দাবি করেন, ২০২১ সালের সেপ্টেম্বরে বাইডেন প্রশাসন বিমানযোগে লাকানওয়ালকে আমেরিকায় এনেছিল, এবং এই ঘটনার দায়ও তিনি বাইডেন সরকারের নীতির ওপর চাপান।

ট্রাম্পের বক্তব্য ও হামলার প্রেক্ষিতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জরুরি সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছে—আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

সংস্থাটি জানায়, “আমেরিকার জনগণ ও দেশকে সুরক্ষিত রাখাই আমাদের সর্বোচ্চ দায়িত্ব।”

হোয়াইট হাউসের কাছেই ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। দুই আহত সদস্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে, হামলাকারী একজন আফগান নাগরিক এবং আফগানিস্তানে আমেরিকা সমর্থিত বিশেষ সামরিক ইউনিটে কাজ করেছিলেন। সিআইএ পরিচালক জানান, রহমানুল্লাহ লাকানওয়াল ২০২১ সালের সেপ্টেম্বরে আমেরিকায় প্রবেশ করেন। তিনি আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের পর বাইডেন প্রশাসনের বিশেষ অভিবাসন কর্মসূচির আওতায় আমেরিকায় আসেন। এই কর্মসূচি এমন আফগান নাগরিকদের পুনর্বাসনের উদ্দেশ্যে চালু করা হয়েছিল যারা আমেরিকার সরকারের সঙ্গে কাজ করেছেন।

ঘটনাটি এখন রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যুক্ত করেছে, বিশেষ করে আফগান শরণার্থী ও অভিবাসন নীতি নিয়ে।