আমেরিকার শরণার্থী নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। জো বাইডেন প্রশাসনের সময় (২০ জানুয়ারি ২০২১ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫) দেশটিতে প্রবেশ করা শরণার্থীদের নথি পুনঃপর্যালোচনা করে প্রয়োজন হলে বিতাড়নের ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও সিএনএন এ তথ্য প্রকাশ করেছে।
ইউএসসিআইএসের পরিচালক জোসেফ এডলো স্বাক্ষরিত ২১ নভেম্বরের মেমোতে বলা হয়েছে, ওই চার বছরের মধ্যে আমেরিকায় প্রবেশকারী সকল শরণার্থীর ফাইল পুনরায় খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হবে। লক্ষ্য থাকবে যাচাই করা, তারা সত্যিই শরণার্থী হিসেবে যোগ্য ছিলেন কি না এবং আমেরিকায় স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) জন্য কোনো আইনি বাধা আছে কি না।
মেমোতে আরও বলা হয়েছে, এই প্রক্রিয়ার ফলে গ্রিন কার্ডের আবেদন অনির্দিষ্টকাল স্থগিত থাকবে। যদি প্রধান শরণার্থী আবেদন বাতিল হয়, তাহলে পরিবারের অন্যান্য সদস্যের আবেদনও বাতিল হবে এবং তাদের শরণার্থী অবস্থান শেষ হবে। এছাড়া আবেদন বাতিল ব্যক্তিদের বিরুদ্ধে দেশত্যাগ (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
এডলো উল্লেখ করেছেন, ট্রাম্প প্রশাসন মনে করছে, বাইডেন আমলে শরণার্থীদের সংখ্যা এবং প্রবেশাধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বিস্তারিত স্ক্রিনিং ও সাক্ষাৎকারে কম গুরুত্ব দেওয়া হয়েছিল। মেমোতে স্পষ্ট বলা হয়েছে যে, গ্রিন কার্ড আবেদন প্রত্যাখ্যান হলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না।
ফেডারেল পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২১ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রায় ২ লাখ ৩৩ হাজার শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছে। এ নতুন উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ও শরণার্থী নীতি পুনর্বিন্যাসের লক্ষ্য রেখেছে।




