বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটি থামানোর দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আরোপের হুমকি ব্যবহার করে তিনি বিশ্বের আটটি যুদ্ধের পাঁচটি থামাতে সক্ষম হয়েছেন। তার মতে, আমেরিকা এখন বিভিন্ন দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ আয় করছে, যা দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে।

রবিবার (২৩ নভেম্বর) হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি।” তিনি দাবি করেন, আমেরিকার শুল্কনীতি এতটাই প্রভাবশালী হয়েছে যে, অনেক দেশ লড়াই বন্ধ করতে বা লড়াই শুরু করা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে।

ট্রাম্প আরও লিখেছেন, “আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি।” তার মতে, এই নীতির কারণেই আমেরিকা এখন আগের যেকোনো সময়ের তুলনায় অর্থনৈতিকভাবে শক্তিশালী।

পূর্বসূরি জো বাইডেনকে সমালোচনা করে ট্রাম্প বলেন, আমেরিকায় এখন প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’, যা বাইডেনের শাসনামলে ছিল দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ। তিনি দাবি করেন, মাত্র ৯ মাসে পুঁজিবাজার ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

ট্রাম্পের ভাষায়, আমেরিকা বর্তমানে বিশ্বের “সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত দেশ”—এবং এর পেছনে বড় দুটি কারণ হলো দেশটির কঠোর শুল্কনীতি ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন।

ট্রাম্প আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে নিজেদের শুল্ক ব্যবহার করে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করেছে—তাদের যুগ শেষ হয়েছে। তার দাবি অনুযায়ী, আমেরিকা এখন আর ‘ধ্বংস’ হওয়ার পথে নেই; বরং আগের যেকোনো সময়ের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে।