বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মিনেসোটায় সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটায় বসবাসরত সোমালি অভিবাসীদের জন্য দেওয়া অস্থায়ী সুরক্ষিত মর্যাদা (টিপিএস) বাতিলের ঘোষণা দিয়েছেন। শুক্রবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং এটি শরণার্থী কর্মসূচিতে তার প্রশাসনের সর্বশেষ ‘অপরাধ প্রতিরোধমূলক পদক্ষেপ’।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, মিনেসোটায় কিছু সোমালি গ্যাং স্থানীয়দের ক্ষতি করছে। তিনি লেখেন, “তারা যেখান থেকে এসেছে সেখানেই তাদের ফেরত পাঠাও। সব কিছুর ইতি এখানেই।”

মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনেসোটায় আমেরিকার বাইরে সবচেয়ে বড় সোমালি জনগোষ্ঠী বাস করে। দেশটি কয়েক দশক ধরে গৃহযুদ্ধ ও বিদ্রোহী গোষ্ঠীর সহিংসতা মোকাবিলা করে আসছে।

কংগ্রেসের নথি অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৭০৫ জন সোমালি টিপিএস অনুমোদন পেয়েছেন, এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) হিসাব অনুযায়ী, টিপিএস মেয়াদ বাড়ানো হলে আরও ৪,৩০০ জন নতুনভাবে যোগ্য হতে পারতেন। ১৯৯১ সালে প্রথমবার সোমালিদের জন্য টিপিএস চালু করা হয় এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে ‘সোমালিয়ার অনিরাপদ পরিস্থিতি’ বিবেচনায় তা বাড়ানো হয়েছিল।

সোমালিয়া ১৯৯০–এর দশকের ভয়াবহ গৃহযুদ্ধের পর থেকে আল-কায়েদা–সংঘবদ্ধ জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করে আসছে। এ বছরের শুরুতে জঙ্গিরা নতুন আক্রমণও চালায়।

ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান, হাইতি, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলাসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের জন্য টিপিএস বাতিলের উদ্যোগ নিয়েছে। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন আইনি চ্যালেঞ্জ উঠেছে এবং সর্বশেষ সোমালিদের টিপিএস বাতিলের সিদ্ধান্তও আদালতে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া নতুন একটি নীতিমালা অনুযায়ী আমেরিকায় বছরে সর্বোচ্চ ৭,৫০০ জন শরণার্থী গ্রহণ করবে—যেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই সংখ্যা ছিল ১ লাখেরও বেশি।

শুক্রবারের পোস্টে ট্রাম্প মিনেসোটার ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালজের বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই ‘পাচারমূলক কার্যকলাপের’ অভিযোগ তোলেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই সোমালিতে জন্ম নেওয়া ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমরকে উপহাস করে আসছেন এবং তাকে ‘দেশে ফিরে যেতে’ বলেন।