বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ট্রাম্প–সৌদি যুবরাজ বৈঠক: কৌশলগত সম্পর্ক ও বিনিয়োগে নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে। জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বিনিয়োগসহ দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারেই গুরুত্ব দিচ্ছে উভয়পক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে বড় অঙ্কের সৌদি বিনিয়োগ, এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক আলোচনাই মূল এজেন্ডা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ নভেম্বর) আমেরিকায় পৌঁছেছেন মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান সঙ্গীত, ঘোড়ার শোভাযাত্রা এবং একটি সামরিক জেটের প্রদর্শনীর মাধ্যমে। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটি তাঁর প্রথম আমেরিকা সফর, যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

হোয়াইট হাউসের কূটনৈতিক ব্যস্ততার এই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান ওভাল অফিসে বৈঠক করবেন, এরপর মন্ত্রিপরিষদ কক্ষে এক মধ্যাহ্নভোজ ও সন্ধ্যায় ব্ল্যাক-টাই নৈশভোজে অংশ নেবেন।

যুবরাজের সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের উচ্চপ্রোফাইল নৈশভোজে টেসলার সিইও ইলন মাস্ক উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যদিও তাঁর অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি। বিখ্যাত গলফার টাইগার উডস নৈশভোজে যোগ দেবেন বলে জানিয়েছে আমেরিকার সংবাদমাধ্যম।

জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে আরো একটি বৈঠকের আয়োজন রয়েছে, যেখানে শেভরন, সিসকো, কোয়ালকম, ফাইজার ও জেনারেল ডায়নামিক্সের সিইওদের থাকার কথা।

সফরের আগের দিনই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আমেরিকা সৌদি আরবকে উন্নতমানের এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দেবে। সৌদি আরব মোট ৪৮টি স্টিলথ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, কেবল ইসরায়েলকেই এফ–৩৫ সরবরাহের দীর্ঘদিনের আমেরিকার নীতি পরিবর্তনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতোমধ্যেই ইসরায়েলের সাবেক সেনা উপপ্রধান ইয়াইর গোলান এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির এর বিরোধিতা করেছেন।

কেবল সামরিক শক্তি নয়, সৌদি আরব আমেরিকার কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি চায়। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, সফরকালীন সময়ে দুই দেশের মধ্যে বিপুল অঙ্কের বিনিয়োগ ঘোষণাও আসতে পারে।

জ্বালানি, নিরাপত্তা এবং কৌশলগত বাণিজ্য—সব দিক বিবেচনায় ট্রাম্প–এমবিএস বৈঠককে দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।