বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে পারেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি বলেন, মাদুরো পক্ষ কথা বলতে চায় এবং আমেরিকাও সম্ভাব্য আলোচনার বিষয়ে বিবেচনা করছে। ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে এয়ারফোর্স ওয়ানে ওঠার মুহূর্তে ট্রাম্প বলেন, “মাদুরোর সঙ্গে আমাদের কিছু আলোচনা হতে পারে, এর ফল কী হয় তা দেখব।” তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে আমেরিকা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনে আসছে, যা মাদুরো প্রত্যাখ্যান করে আসছেন। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় সাগর ও পুয়ের্তো রিকো উপকূলে সামরিক সমাবেশ বাড়িয়েছে আমেরিকা এবং সেখানে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। এ কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

ট্রাম্পের নতুন মন্তব্যকে উত্তেজনা কমানোর সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি জানান, ভেনেজুয়েলা নিয়ে তাঁর “ভবিষ্যৎ সিদ্ধান্ত” মোটামুটি ঠিক করা আছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে দেশটির বিপুল তেলসম্পদের ওপর আমেরিকাকে নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব করেছিলেন মাদুরো। যদিও ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে বিষয়টি এখনো আলোচনায় আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ ঘোষণা করেছেন, যা ভেনেজুয়েলায় মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো সরকার মাদক পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ট্রাম্প সিআইএকে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে গোপন অভিযান চালানোর অনুমোদনও দিয়েছিলেন।

যদিও ট্রাম্প অক্টোবরের শেষে জানিয়েছিলেন যে তিনি সরাসরি ভেনেজুয়েলার ভেতরে হামলা চালানোর কথা ভাবছেন না, তবুও দেশটির চারপাশে সামরিক চাপ অব্যাহত রেখেছে আমেরিকা। পরিবর্তিত পরিস্থিতিতে মাদুরো–ট্রাম্প সম্ভাব্য আলোচনাকে দুই দেশের টানাপোড়েনের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।