ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে দেশটির বিপুল তেল মজুদের ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব করেছিলেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। শনিবার (১৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনকে মাদুরো এই প্রস্তাব দিয়েছেন, যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করার আহ্বান প্রত্যাখ্যান করেন। তবুও বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা উপকূলের কাছে আমেরিকার সামরিক উপস্থিতি মাদুরোর ওপর চাপ বাড়িয়েছে এবং সংঘাত আশঙ্কা আরও তীব্র করেছে। সম্প্রতি ট্রাম্প জানান, ভেনেজুয়েলা বিষয়ে তাঁর “ভবিষ্যৎ পদক্ষেপ” ঠিক করা রয়েছে, তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।
এর আগে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দেন ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ শুরুর, যা ভেনেজুয়েলায় মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান হিসেবে পরিচিত। ওয়াশিংটনের দাবি, মাদুরো সরকার মাদক চোরাচালান ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ট্রাম্প সিআইএকে ভেনেজুয়েলা লক্ষ্য করে ‘গোপন অভিযান’ চালানোর অনুমোদন দিয়েছিলেন। আমেরিকার সংবাদমাধ্যমগুলোও ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা যেকোনো সময় ভেনেজুয়েলায় মাদক পাচারকারীদের ওপর হামলা শুরু করতে পারে। যদিও গত ৩১ অক্টোবর ট্রাম্প বলেছিলেন, তিনি সরাসরি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কথা ভাবছেন না।




