বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

মামদানির প্রশাসনে কাজ করতে ৫০ হাজারের বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমে মাত্র এক সপ্তাহের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ চাকরির আবেদন জমা দিয়েছেন। শহরের ইতিহাসে এ ধরনের আবেদন প্রবাহ অভূতপূর্ব বলে জানিয়েছে তার ট্রানজিশন দল।

১২ নভেম্বর দেওয়া দলের তথ্যমতে, প্রবেশিক শ্রমিক থেকে শুরু করে অভিজ্ঞ নীতিনির্ধারক—সব স্তরের মানুষকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আবেদন নিতে ব্যবহৃত হয়েছে ট্রানজিশন দলের ওয়েবসাইট transition2025.com। দলটি জানায়, যারা ‘ক্যারিয়ার গড়ার পাশাপাশি সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অংশ নিতে চান’—তাদের সবাই আবেদন করতে পেরেছেন।

জোহরান মামদানি এক বিবৃতিতে জানান, এত বিপুল সংখ্যক আবেদন “নিউ ইয়র্কবাসীর গড়ে তোলা আন্দোলনের শক্তি এবং প্রশাসনের প্রতি তাদের আস্থার প্রতিফলন।” ট্রানজিশন দলের নির্বাহী পরিচালক এলানা লিওপোল্ড বলেন, “৫০ হাজার আবেদনকারী প্রমাণ করেছেন, তারা সরকারে সব স্তরে এই কাজ এগিয়ে নিতে প্রস্তুত।”

তবে নতুন প্রশাসনে পদগুলো কবে পূরণ করা হবে, তা এখনো নিশ্চিত করেনি ট্রানজিশন দল।

চাকরির আবেদন ছাড়াও অর্থ সংগ্রহের ক্ষেত্রেও নজির গড়েছে মামদানির দল। মাত্র ৩০ ঘণ্টার কম সময়ে ৭ হাজারের বেশি দাতার কাছ থেকে সংগ্রহ করেছে ৫ লাখ ১৭ হাজার ৯৪৭ ডলার—যা আগের মেয়রদের দাতা সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি। তরুণ ভোটারদের শক্ত সমর্থন তাকে বিজয়ী করেছে বলে বিশ্লেষকদের অভিমত। তার নির্বাচনী অঙ্গীকারে ছিল স্থিতিশীল অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত রাখা, বিনামূল্যে বাস সেবা সম্প্রসারণ এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

মামদানি ২০২৬ সালের ১ জানুয়ারি গ্রেসি ম্যানশনে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।