বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকার ‘পারমাণবিক গতিবিধি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পারমাণবিক ইস্যুতে আমেরিকার সাম্প্রতিক পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া।

শুক্রবার (৭ নভেম্বর) ‘মিনিটম্যান–৩’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, সংশ্লিষ্ট রুশ সংস্থাগুলো “প্রয়োজন অনুযায়ী” আমেরিকাসহ পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অন্যান্য দেশের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে।

জাখারোভা বলেন, আমেরিকার সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার উদ্দেশ্য “স্পষ্ট করা উচিত”। তাঁর ভাষ্যে, ওয়াশিংটন থেকে আসা সংকেত বিশ্বজুড়ে যথার্থ উদ্বেগ সৃষ্টি করছে এবং এখনো “বিতর্কিত” রয়ে গেছে।

এর আগে, গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা “অবিলম্বে পুনরায় শুরু” করার নির্দেশ দেন। তবে তিনি কী ধরনের পরীক্ষা বোঝাচ্ছেন বা তাতে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ জড়িত কি না, সে বিষয়ে নির্দিষ্ট করে বলেননি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত তথ্য সংগ্রহ–বিশ্লেষণের নির্দেশ দেন এবং “পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরুর সম্ভাব্যতা” বিষয়ে সমন্বিত প্রস্তাব দিতে বলেন।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানান, পুতিন “পরীক্ষার প্রস্তুতি শুরু করার নির্দেশ দেননি”; বরং এমন প্রস্তুতি শুরু করা কতটা যুক্তিযুক্ত—তা খতিয়ে দেখতে বলেছেন।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন–মস্কোর মধ্যে পারমাণবিক নীতি নিয়ে টানাপোড়েন সমসাময়িক কৌশলগত স্থিতাবস্থাকে আরও জটিল করতে পারে। যে কোনো সম্ভাব্য পরীক্ষা বা পাল্টা–প্রস্তুতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা স্থিতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করছেন তারা।