বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর ডেমোক্র্যাট অ্যাবিগেল স্প্যানবার্গার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাট অ্যাবিগেল স্প্যানবার্গার ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বিদায়ী লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্ল-সিয়ার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। তিনি রাজ্যটির প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন। প্রজেকশনে তাঁকে বিজয়ী ঘোষণা করেছে অ্যাসোসিয়েটেড প্রেসসহ প্রধান গণমাধ্যম।

মঙ্গলবার (৪ নভেম্বর) এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানবার্গার ৫৬.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে আর্ল-সিয়ার্স পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।

এক্সিট পোল অনুযায়ী, ভোটারদের অর্ধেকের বেশি অর্থনীতিকে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হিসেবে দেখেছেন। এদের মধ্যে ৫৯ শতাংশ স্প্যানবার্গারকে ভোট দিয়েছেন। একইভাবে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ ভোটারদের বড় অংশও তার পক্ষে ভোট দিয়েছেন।

সাবেক সিআইএ কর্মকর্তা ও তিন মেয়াদের কংগ্রেসওম্যান হিসেবে পরিচিত স্প্যানবার্গার প্রচারণায় জীবনযাত্রার ব্যয়, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও গর্ভপাতের অধিকারের মতো ইস্যুকে অগ্রাধিকার দেন।

বিজয়ী বক্তব্যে স্প্যানবার্গার জানান, ভার্জিনিয়া দলীয় পক্ষপাতের বদলে বাস্তববাদকে বেছে নিয়েছে—এটি সবার জন্য একটি বার্তা।

একই দিনে ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটদের আরও অগ্রগতি হয়েছে: ঘাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর এবং জে জোন্স অ্যাটর্নি জেনারেল নির্বাচনে জয়ী হয়েছেন—হাশমি রাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে কোনো রাজ্যব্যাপী পদে নির্বাচিত হলেন।

অন্যদিকে, আর্ল-সিয়ার্স রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিনের প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও প্রচারণায় একক বার্তা দিতে ব্যর্থ হন। তিনি প্রায়ই ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলেও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের সমর্থন পাননি।

আর্ল-সিয়ার্স পরাজয় স্বীকার করে বলেন, ‘স্প্যানবার্গার যদি সত্যিই মধ্যপন্থী হিসেবে শাসন করেন, তবে তিনি আমাদের ঐক্যবদ্ধ করবেন।’

ফলাফলে ইঙ্গিত মিলেছে, হোয়াইট হাউসের বিপরীত দলের প্রার্থীকে বেছে নেওয়ার ভার্জিনিয়ার দীর্ঘদিনের প্রবণতা অব্যাহত রয়েছে। ডেমোক্র্যাটদের জন্য এটি ২০২৬-এর আগে গুরুত্বপূর্ণ মানসিক জয় হিসেবে দেখা হচ্ছে।