আমেরিকার প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ইউক্রেনকে দূরপাল্লার ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। তবে সরবরাহের চূড়ান্ত সিদ্ধান্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে। শুক্রবার (৩১ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শুরুর দিকে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কিছু আগে হোয়াইট হাউসে পেন্টাগনের মূল্যায়ন পাঠানো হয়। পেন্টাগনের মতে, এ সরবরাহ আমেরিকার নিজস্ব মজুদের ওপর প্রভাব ফেলবে না।
ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়াতে টমাহক চেয়েছে। প্রায় ১,৬০০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র সাধারণত জাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। আমেরিকার প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া এবং মোতায়েনের পদ্ধতিসহ কয়েকটি অপারেশনাল বিষয় এখনো পর্যালোচনায় রয়েছে।
ইউরোপের কয়েকটি মিত্র দেশ পেন্টাগনের মূল্যায়নকে ইতিবাচক হিসেবে দেখছে; তাদের মতে, এটি পূর্বের কিছু উদ্বেগ দূর করেছে। ট্রাম্প অনুমোদন দিলে দ্রুত সরবরাহের প্রস্তুতিও রাখা হয়েছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
হোয়াইট হাউসে সাম্প্রতিক বৈঠকে ট্রাম্প বলেন, টমাহক ক্ষেপণাস্ত্র আমেরিকার নিজেদেরই প্রয়োজন। অপরদিকে, জেলেনস্কি আগেই জানিয়েছেন, বছরের শেষ নাগাদ ইউক্রেন দূরপাল্লার হামলা সক্ষমতা জোরদারে অগ্রসর হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কিয়েভকে আমেরিকার টমাহক সরবরাহ সংঘাতকে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধির’ দিকে ঠেলে দিতে পারে।




