দক্ষিণ কোরিয়ায় এপিইসি সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টার বৈঠকে ‘বিরল খনিজ’ রপ্তানির ওপর এক বছরের জন্য সমঝোতায় পৌঁছেছেন। বৈঠকটি ২০১৯ সালের পর তাঁদের প্রথম মুখোমুখি আলোচনা।
বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, সব বিরল খনিজের বিষয়টি সমাধান হয়েছে এবং এটি বিশ্বের সবার জন্য প্রযোজ্য।
ট্রাম্প জানান, চীনের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে আমেরিকা চীনাপণ্যে আরোপিত মোট শুল্ক ৫৭% থেকে ৪৭% এ নামাবে; এর মধ্যে ফেন্টানাইল-সংশ্লিষ্ট অতিরিক্ত শুল্ক ২০% থেকে কমিয়ে ১০% করা হবে।
সমঝোতা অনুযায়ী, চীন নতুন করে আরোপিত ‘বিরল খনিজ’ রপ্তানি নিয়ন্ত্রণ এক বছরের জন্য স্থগিত রাখবে—যা গাড়ি, বিমান, প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স খাতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য তাৎপর্যপূর্ণ। বেইজিংয়ের আগের কিছু নিয়ন্ত্রণ বহাল থাকবে কি না—তা স্পষ্ট নয়।
বৈঠকে চীনের কাছ থেকে বড় আকারে আমেরিকান সয়াবিন কেনা, ফেন্টানাইলের প্রিকর্সর রফতানি দমনে পদক্ষেপ এবং টিকটকের মালিকানা প্রশ্নসহ প্রযুক্তিখাতে বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয় বলে ওয়াশিংটন জানায়।
এ বৈঠকটি দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হয়। চলতি সপ্তাহে গিয়ংজু–বুসান এলাকায় নেতাদের সমাবেশ ঘিরে ট্রাম্প–শি বৈঠক ছিল প্রধান আকর্ষণ।
এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প জাপানের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ সমঝোতা সাময়িক স্বস্তি দিলেও বহু মৌলিক মতপার্থক্য অমীমাংসিত। ফলে বাণিজ্যযুদ্ধের ঝুঁকি পুরোপুরি কাটেনি।




