আমেরিকাজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে শুরু হওয়া ‘নো কিংস’ আন্দোলনে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন বড় ও ছোট শহরে লাখো মানুষ রাস্তায় নেমে কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।
শনিবার (১৮ অক্টোবর) আন্দোলনের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, দেশব্যাপী অন্তত ৭০ লাখ মানুষ ২ হাজার ৭০০টিরও বেশি শহরে বিক্ষোভে অংশ নিয়েছে। তারা দাবি করেন, এটি আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহত্তম শান্তিপূর্ণ বিক্ষোভ।
বিবৃতিতে বলা হয়, ‘জনতা অহিংসভাবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে এবং নিশ্চিত করেছে যে এই দেশ জনগণের, রাজাদের নয়।’
বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপ্রধান না হয়ে ‘রাজা’ হিসেবে আচরণ করছেন। তারা বলেন, ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং জনগণ এই অতিরিক্ত ক্ষমতা সহ্য করবে না।
বিক্ষোভকারীরা ‘নো কিংস’ লেখা ব্যানার, পোস্টার ও বেলুন হাতে রাস্তায় নেমে নানা স্লোগান দেন। শিল্পী, রাজনীতিক, সাধারণ নাগরিক এমনকি প্রবীণরাও এতে অংশ নেন।
১৮ দিন ধরে চলমান সরকারি শাটডাউনের মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, যা ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, তাদের আইনজীবীরা মাঠে থেকে বিক্ষোভগুলো শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে সম্পন্ন করার তদারকি করছেন।
এর আগে চলতি বছরের ১৪ জুন ট্রাম্পের জন্মদিনে এবং ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজের দিন একই স্লোগানে বিক্ষোভ হয়েছিল। সে সময় দেশজুড়ে প্রায় ২১০০টি বিক্ষোভে প্রায় ৫০ লাখ মানুষ অংশ নিয়েছিল।




