আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহে অনীহা প্রকাশ করেছেন। এর ফলে শুক্রবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে দৃশ্যত ‘শূন্য হাতেই’ ফিরে যেতে হয়েছে।
বিবিসির বরাতে জানা গেছে, বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি টমাহক প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ বৈঠকে দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা হয়েছে, তবে উত্তেজনা না বাড়ানোর স্বার্থে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন তিনি।
এক দিন আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনার পরই শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হয়। ফোনালাপে ট্রাম্প ও পুতিন হাঙ্গেরিতে শিগগিরই এক বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয়েছেন বলেও জানায় আমেরিকা।
ইউক্রেনের ধারণা, টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনায় আঘাত হানলে মস্কোর যুদ্ধ অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। তবে ট্রাম্প বলেন, “আশা করছি তাদের (ইউক্রেনের) এটা দরকার হবে না। টমাহকের কথা ভাবা ছাড়াই আমরা যুদ্ধ শেষ করতে পারব বলে আশা করছি।”
আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, “এই ক্ষেপণাস্ত্র পাঠালে উত্তেজনা বেড়ে যেতে পারে, তবে আমরা এ নিয়ে কথা বলব। টমাহক আমেরিকার এখন বেশি প্রয়োজন।”
সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “ক্ষেপণাস্ত্রের হুমকি ভালো, কিন্তু সেই হুমকি তো সবসময় থাকেই।”
অন্যদিকে, ইউক্রেন টমাহকের বদলে ড্রোন দেওয়ার প্রস্তাব দিলে ট্রাম্পকে হাসতে ও মাথা নেড়ে সম্মতি জানাতে দেখা গেছে।
গাজায় শান্তিচুক্তির প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন করায় ট্রাম্পের প্রশংসা করেন জেলেনস্কি। তিনি আশা প্রকাশ করেন, একই কৌশলে আমেরিকার প্রেসিডেন্ট ইউক্রেনেও যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে পারবেন।
বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, “আমি জানি না পুতিন চুক্তি করতে চান নাকি সময় নষ্ট করতে চান। তবে টমাহক পাওয়ার সম্ভাবনাই রাশিয়াকে ভীত করেছে, কারণ এটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র।”
ইউক্রেন শেষ পর্যন্ত টমাহক ক্ষেপণাস্ত্র পাবে কি না জানতে চাইলে জেলেনস্কির সংক্ষিপ্ত জবাব, “আমি বাস্তববাদী।”




