বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ওয়াশিংটনে জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেওয়ার একদিন পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বৈঠকে জেলেনস্কি আমেরিকার তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহের জন্য ট্রাম্পের প্রতি অনুরোধ জানাবেন। এটি তার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তৃতীয় ওয়াশিংটন সফর। এর আগে তিনি ফেব্রুয়ারি ও আগস্টে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছিলেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্পের অবস্থান একাধিকবার পরিবর্তিত হয়েছে। কখনও তিনি যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, আবার কখনও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।

জেলেনস্কির সফরের আগের দিন ট্রাম্প ঘোষণা দেন, তিনি শিগগিরই বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক করবেন, যা ২০২২ সালে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন বন্ধে নতুন এক শান্তি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার “খুবই ফলপ্রসূ” ফোনালাপ হয়েছে এবং তারা আগামী দুই সপ্তাহের মধ্যে সাক্ষাৎ করবেন।

তিনি আরও জানান, পুতিন ও জেলেনস্কির সঙ্গে তিনি “পৃথক কিন্তু সমান গুরুত্ব দিয়ে” বৈঠক করবেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ওয়াশিংটনে পৌঁছে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা “একটি সফল কূটনৈতিক উদাহরণ”, এবং এবার ইউক্রেন যুদ্ধ নিয়েও তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন।
এক্স-এ তিনি লিখেছেন, “মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ও যুদ্ধ নিয়ন্ত্রণে যে গতি তৈরি হয়েছে, আমরা আশা করছি সেটি রাশিয়ার আগ্রাসন বন্ধ করতেও সহায়তা করবে।”

জেলেনস্কি আরও দাবি করেন, টমাহক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হুমকিই মস্কোকে আলোচনায় ফিরতে বাধ্য করছে। তার ভাষায়, “আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি, টমাহকের নাম শুনেই রাশিয়া আলোচনায় ফেরার তাগিদ অনুভব করছে।”