আমেরিকার সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১৪ অক্টোবর) ঘোষণা করেছে, তারা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় গৃহীত এইচ-১বি ভিসাধারীর স্বামী বা স্ত্রীর (এইচ-৪ ভিসাধারী) কাজ করার অনুমতি প্রদানের নিয়মের বিরুদ্ধে করা চ্যালেঞ্জ গ্রহণ করবে না।
২০১৫ সালে চালু হওয়া এই নিয়মের ফলে আমেরিকায় ২ লাখ ৫৮ হাজারেরও বেশি এইচ-৪ ভিসাধারী কাজের সুযোগ পেয়েছেন। নিয়মটি মূলত প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, আর্থিক খাতসহ বিভিন্ন শিল্পে দক্ষ কর্মী ধরে রাখার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল।
সেভ জবস ইউএসএ নামে একটি সংগঠন এই নিয়মের বিরুদ্ধে মামলা করেছিল। তাদের দাবি, এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি দেওয়ায় আমেরিকার শ্রমবাজারে প্রভাব পড়ছে। তবে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সার্কিট কোর্ট নিয়মটিকে বৈধ ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টও সেই সিদ্ধান্তকে চূড়ান্ত করেছেন।
বর্তমান প্রশাসন নিয়মটি পুনর্বিবেচনা বা বাতিল করতে পারে বলে আশা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই নিয়ম এইচ-১বি ভিসাধারী পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ দেয় এবং আমেরিকায় উচ্চদক্ষ শ্রমশক্তি ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




