বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গাজায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে—“কেউ ভাবেনি”, বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দী বিনিময়ের পর এটিকে “অসাধারণ সাফল্য” বলে আখ্যায়িত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও মিশর সফর শেষে আমেরিকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ কেউ ভাবেনি এটা সম্ভব।”

ট্রাম্পের মধ্যস্থতায় মিশরের শার্ম এল-শেখে আয়োজিত এক সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধিরা গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে সই করেন। সম্মেলনে আমেরিকা, মিশর, কাতার ও তুরস্কসহ অংশগ্রহণকারী দেশগুলো গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করে। তবে ঘোষণাপত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে কোনো নির্দিষ্ট অবস্থান নেওয়া হয়নি।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় আটক শেষ ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “অনেকে এক-রাষ্ট্রীয় সমাধান পছন্দ করে, কেউ আবার দুই-রাষ্ট্রীয়। এখনই কিছু বলা তাড়াহুড়ো হবে। আমাদের দেখতে হবে।”

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট না থাকলে এই শান্তি টিকে থাকবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে বলেন, “যেই হোক না কেন, তার পক্ষেই আমি লড়াই করব।”

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “আজ ইসরায়েল ও মিশরে এত কিছু সম্পন্ন হয়েছে। অনেক কাজ, কিন্তু আমি অন্য কোনো উপায়ে এটি পেতে চাই না। এটি অন্য কোনো অভিজ্ঞতার মতো ছিল না!”

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, রয়টার্স ও টাইম জানিয়েছে, ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়কে মধ্যপ্রাচ্যে “নতুন অধ্যায়ের সূচনা” বলা হলেও এর টেকসইতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, গাজায় মানবিক সংকট, অবকাঠামো ধ্বংস ও রাজনৈতিক অনিশ্চয়তা এখনো শান্তি প্রক্রিয়ার বড় চ্যালেঞ্জ।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধবিরতিকে তাঁর পররাষ্ট্রনীতির অন্যতম বড় কূটনৈতিক সাফল্য হিসেবে প্রচার করছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে আস্থার ঘাটতি এবং ফিলিস্তিনি রাষ্ট্রীয় কাঠামোর অনিশ্চয়তা চুক্তির স্থায়িত্বে বড় বাধা হতে পারে।

তবুও ট্রাম্পের দাবি, এই শান্তি উদ্যোগ “নতুন মধ্যপ্রাচ্যের যুগের” সূচনা করছে — যদিও অনেকেই মনে করছেন, সেই যাত্রা এখনো কেবল শুরু।