বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নোবেল না পেলেও শান্তির জন্য কাজ করে যাবেন ট্রাম্প: হোয়াইট হাউজ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউজ। তাদের দাবি, নোবেল কমিটি শান্তির বদলে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। তিনি একনায়কতন্ত্রবিরোধী গণআন্দোলনে নেতৃত্ব ও গণতান্ত্রিক পুনরুদ্ধারে ভূমিকার জন্য এ পুরস্কার পান।

তবে হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ বন্ধ এবং জীবন রক্ষায় তার প্রচেষ্টা চালিয়ে যাবেন। তার হৃদয় মানবিক, তার মতো আর কেউ নেই যিনি ইচ্ছাশক্তির মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।”

এদিকে নোবেলজয়ী মারিয়া কোরিনা এক ভিডিও বার্তায় বলেন, “আমি অবাক।” ভিডিওতে দেখা যায়, ভেনেজুয়েলার আরেক বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া তাকে ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন। গঞ্জালেজ বলেন, “আমরাও অবাক এবং আনন্দিত।”

বর্তমানে সরকারের রোষানলে পড়ে লুকিয়ে আছেন মারিয়া। তাই তিনি এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারেননি। নোবেল কমিটি জানিয়েছে, গণতান্ত্রিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্যই তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।