আমেরিকার নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম আইউইটনেস নিউজ জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সাউথ জ্যামাইকার ১১৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মধ্যে একজন অন্যজনকে গুলি করার পর নিজেই মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, হঠাৎ গুলির শব্দে স্থানীয়রা জরুরি নম্বরে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনওয়াইপিডি (নিউ ইয়র্ক পুলিশ)। সেখানে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান তারা। অপর আহত ব্যক্তি (৪১)কে গুরুতর অবস্থায় জ্যামাইকা হসপিটাল মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মধ্যে সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।




