আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহবান সত্ত্বেও গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার ভোরে গাজা সিটি ও আশপাশের এলাকায় একাধিক বিমান হামলা ও গোলাবর্ষণ হয়। এতে অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল। তিনি বলেন, “গত রাতটি ছিল অত্যন্ত সহিংস।”
এর আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। এ ঘোষণার পর গাজার মানুষ ঘরে ফেরা শুরু করলেও ইসরায়েল সতর্ক করে দিয়েছে যে গাজা সিটি এখনো ‘অত্যন্ত বিপজ্জনক যুদ্ধপ্রবণ এলাকা’। ইসরায়েলি সেনারা জানিয়েছে, সেখানকার অভিযান এখনো চলছে এবং উত্তর, দক্ষিণ ও সক্রিয় টহল এলাকায় ফেরাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কথা উল্লেখ না থাকলেও হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেওয়া হয়েছে। ফলে এ যুদ্ধবিরতি স্থায়ী হবে কি না তা অনিশ্চিত।
এদিকে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোতে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। কান রেডিও জানিয়েছে, ট্রাম্পের আহবানের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাদের হামলা থামানোর নির্দেশ দেন এবং তা কার্যকর হয়। তবে আর্মি রেডিও দাবি করেছে, অভিযান পুরোপুরি বন্ধ হয়নি; বোমাবর্ষণ ও গোলাগুলি কমানো হলেও সামরিক উপস্থিতি ও টহল অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার হামাসকে আলটিমেটাম দিয়ে বলেছিলেন, রবিবারের মধ্যে সাড়া না দিলে তাদের ওপর “নরক নেমে আসবে।” এর কয়েক ঘণ্টার মধ্যে হামাস জানায়, তারা আমেরিকার প্রস্তাবে সম্মত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। তবে তারা শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয়ে আরও আলোচনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সামরিক তৎপরতা সর্বনিম্ন পর্যায়ে নামানো হলেও সেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যাতে যেকোনো মুহূর্তে হামলার জবাব দিতে পারে।




