বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এইচ-১বি ভিসায় ট্রাম্পের এক লাখ ডলার ফি চ্যালেঞ্জ করে মামলা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকায় দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসায় এক লাখ ডলার ফি আরোপের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) শ্রমিক ইউনিয়ন, নিয়োগকর্তা ও ধর্মীয় সংগঠনের একটি জোট সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে মামলা দায়ের করেছে। খবর রয়টার্স

মামলাকারীরা বলেন, ট্রাম্প প্রশাসন আইন লঙ্ঘন করে এই ফি চাপিয়েছে এবং কোনো প্রাতিষ্ঠানিক রুলমেকিং প্রক্রিয়া অনুসরণ করেনি। তাদের দাবি, এত বিপুল পরিমাণ ফি উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে, উচ্চ দক্ষ বিদেশি কর্মীদের আমেরিকায় আসা ব্যাহত হবে এবং উদ্ভাবন খাত ক্ষতিগ্রস্ত হবে।

গত ১৯ সেপ্টেম্বর ট্রাম্প এই নতুন ফি সংক্রান্ত ঘোষণা দেন, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। নিয়ম অনুযায়ী, নতুন ভিসা আবেদনের ক্ষেত্রেই এই ফি প্রযোজ্য হবে। তবে ২১ সেপ্টেম্বরের আগে করা আবেদন বা পুরনো ভিসার নবায়নে এটি প্রযোজ্য নয়। বর্তমানে সাধারণত একটি এইচ-১বি ভিসার খরচ প্রায় দুই থেকে পাঁচ হাজার ডলারের মধ্যে হয়ে থাকে।

হোয়াইট হাউস বলছে, এই উদ্যোগ আমেরিকান কর্মীদের মজুরি রক্ষা করবে এবং কোম্পানিগুলোকে ভিসা ব্যবস্থার অপব্যবহার থেকে বিরত রাখবে। তবে মামলাকারী সংগঠনগুলোর দাবি, এটি বৈশ্বিক প্রতিযোগিতায় আমেরিকাকে পিছিয়ে দেবে এবং প্রযুক্তি খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া রাজ্যও এই ফি অবৈধ ঘোষণা করতে আলাদা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মামলাকারীরা আদালতের কাছে জরুরি নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ফি কার্যকর না হয় এবং পুরনো নিয়মেই আবেদন প্রক্রিয়া চালু রাখা হয়।

আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের রায় আমেরিকার অভিবাসন নীতি ও শ্রমবাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।