বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিশ্বের প্রথম ৫০০ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক গড়লেন নতুন ইতিহাস। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তাঁর নিট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার বা ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের উত্থান তাঁকে এই মাইলফলকে পৌঁছে দিয়েছে।

ফোর্বস সাময়িকীর বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় মাস্কের সম্পদ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। যদিও দিন শেষে তা কিছুটা কমে ৪৯৯.১ বিলিয়নে নেমে আসে। বৃহস্পতিবারও তাঁর সম্পদ একই মাত্রায় ছিল।

এক বছর আগে মাস্কের সম্পদ ৪০০ বিলিয়ন ডলার ছাড়ায়। মাত্র এক বছরের ব্যবধানে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার যোগ হওয়া যেকোনো ধনীর জন্য বিরল ঘটনা। বিশেষ করে টেসলার শেয়ারের ঊর্ধ্বগতি ও স্পেসএক্সসহ তাঁর অন্যান্য প্রযুক্তি উদ্যোগের বাজারমূল্য বৃদ্ধিই মূলত এ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

টেসলার ১২.৪ শতাংশ শেয়ার মাস্কের দখলে রয়েছে। এ বছর কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি। সম্প্রতি টেসলা বোর্ড তাঁর জন্য এক ট্রিলিয়ন ডলারের পারফরম্যান্সভিত্তিক প্যাকেজ পরিকল্পনা করেছে, যেখানে আর্থিক ও কার্যকরী উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই এবং মহাকাশযান নির্মাতা স্পেসএক্সও দ্রুত বাজারমূল্য বৃদ্ধি করেছে। জুলাই পর্যন্ত এক্সএআইয়ের মূল্য ছিল ৭৫০০ কোটি ডলার, সেপ্টেম্বরে তা ২০ হাজার কোটি ডলার ছাড়ানোর সম্ভাবনা তৈরি হয়। একই সময়ে স্পেসএক্সের মূল্য দাঁড়ায় প্রায় ৪০ হাজার কোটি ডলার।

মাস্কের জীবন ও ব্যবসায়িক যাত্রা সবসময় আলোচিত। এ বছরও নানা বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন প্রযুক্তি খাতে তাঁর প্রভাবশালী অবস্থান। নতুন এই রেকর্ডের মাধ্যমে ধনীদের তালিকায় তিনি এককভাবে শীর্ষে অবস্থান করছেন।