বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কাতারে সাম্প্রতিক ইসরাইলি হামলার প্রেক্ষাপটে দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাতারের ভূখণ্ডে যেকোনো সশস্ত্র আক্রমণকে ওয়াশিংটনের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং দেশটিকে পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে।

সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়, বিদেশী আগ্রাসনের কারণে কাতারের প্রতি অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে বহিরাগত আক্রমণের বিরুদ্ধে রাষ্ট্রটির নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা আমেরিকার নীতি।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, কাতারের ওপর হামলার ক্ষেত্রে আমেরিকা কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সকল আইনানুগ ও যথাযথ ব্যবস্থা নেবে।

গত ৯ সেপ্টেম্বর ইসরাইলি বাহিনী কাতারে হামলা চালায়। হামলার সময় ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসের কর্মকর্তারা গাজা যুদ্ধ নিয়ে আমেরিকার শান্তি প্রস্তাবের বিষয়ে আলোচনা করছিলেন। এ ঘটনার পর আমেরিকা ও কাতারের মধ্যে নতুন নিরাপত্তা চুক্তি কার্যকর হলো।

হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার ওয়াশিংটনে অবস্থানরত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে ওই হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আর কখনো এ ধরনের হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলে কাতার আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে আল-উদেইদ ঘাঁটিতে আমেরিকার কেন্দ্রীয় কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরসহ আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত।