বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আবারো বন্দুকহামলা, নর্থ ক্যারোলাইনায় প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাউথপোর্ট শহরে একটি নদীতীরবর্তী রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুকহামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে কেপ ফিয়ার নদীর তীরে অবস্থিত আমেরিকান ফিশ কোম্পানি রেস্তোরাঁয় চালানো এ হামলায় তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

সাউথপোর্ট শহরের জনসংযোগ কর্মকর্তা শায়্যান কেচাম ফক্স নিউজকে জানান, ৪০ বছর বয়সী নাইজেল ম্যাক্স এজ-এর বিরুদ্ধে তিনটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ এবং পাঁচটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কেপ ফিয়ার নদীতে একটি নৌকা এসে কিছুক্ষণের জন্য রেস্তোরাঁর সামনে থামে। নৌকা থেকে নির্বিচারে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে নৌকাটি দ্রুত ইনট্রাকোস্টাল ওয়াটারওয়ের দিকে চলে যায় এবং ওক আইল্যান্ডের দিকে অদৃশ্য হয়ে যায়।

ব্রান্সউইক কাউন্টি শেরিফস অফিস জানিয়েছে, ঘটনার পরপরই নাইজেল ম্যাক্স এজের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। প্রায় আধা ঘণ্টা পর আমেরিকার কোস্টগার্ড ওক আইল্যান্ডের একটি পাবলিক র‌্যাম্পে সন্দেহভাজন ব্যক্তিকে তার নৌকা নামাতে দেখে আটক করে। পরে তাকে সাউথপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয় জিজ্ঞাসাবাদের জন্য।

তবে কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি। আহতদের অবস্থা সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বন্দুকহামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।