বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠক প্রায় এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়। এতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বিকেল ৪টা ৩০ মিনিটে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষর ও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের কারণে প্রায় আধা ঘণ্টা দেরি হয়। বৈঠক শেষে প্রকাশিত ছবিতে ট্রাম্পকে তার স্বভাবসুলভ ভঙ্গিতে বুড়ো আঙুল তুলে হাসিমুখে পোজ দিতে দেখা যায়।

বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প প্রধানমন্ত্রী শেহবাজকে ‘একজন মহান নেতা’ এবং ফিল্ড মার্শাল মুনিরকে ‘একজন মহান, মহান ব্যক্তি’ বলে অভিহিত করেন। এটি ছিল ট্রাম্প প্রশাসনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এর আগে ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

যদিও বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না, রেডিও পাকিস্তান জানায়, এতে ‘পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক-আন্তর্জাতিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলো এমন সময়ে যখন প্রধানমন্ত্রী শেহবাজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে আমেরিকা সফর করছেন। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হচ্ছে।

অনেক বছর ধরে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ভারতকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখত আমেরিকা। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে ভারত-আমেরিকা সম্পর্ক শীতল হয়ে পড়েছে। ভারতীয়দের জন্য ভিসা কঠোর করা, উচ্চ শুল্ক আরোপ এবং কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ায় নয়াদিল্লি অস্বস্তিতে পড়েছে। বর্তমানে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা, যা আরও বাড়ানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানি পণ্যে শুল্ক ১৯ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ চলছে। ফলে হোয়াইট হাউসের বৈঠকে বাণিজ্য ও শুল্ক প্রসঙ্গও আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।