ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতির জন্য নতুন পরিকল্পনা উত্থাপন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প ২১ দফা সম্বলিত এ পরিকল্পনা উপস্থাপন করেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, “বৈঠকে আমরা খুব ফলপ্রসূ আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থাপিত ২১ দফা পরিকল্পনার মাধ্যমে গাজায় সহিংসতা বন্ধ হবে এবং একই সঙ্গে ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাজনিত উদ্বেগেরও সমাধান হবে।” তিনি আশা প্রকাশ করেন, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে অগ্রগতি ঘোষণা সম্ভব হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্পের পরিকল্পনায় গাজায় আটক সব জিম্মির দ্রুত মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতকরণ, হামাস ও তার প্রভাব থেকে গাজার প্রশাসনকে মুক্ত রাখা এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে।
সিএনএন জানিয়েছে, বৈঠকে উপস্থিত আমেরিকান ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কূটনীতিক জানিয়েছেন, আরব নেতারা ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে তারা কয়েকটি অতিরিক্ত শর্তও যোগ করার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে— পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় মানবিক ত্রাণ প্রবেশে অবাধ সুযোগ রাখা এবং সেখানে বন্দি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা।
বৈঠকে উপস্থিত এক কূটনীতিক বলেন, “এটি ছিল একটি অসাধারণ এবং অত্যন্ত কার্যকর বৈঠক।”
এ আলোচনার পটভূমি তৈরি হয়েছিল সোমবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে। সেখানে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনের যৌথ আয়োজক ছিল ফ্রান্স ও সৌদি আরব। সেই সম্মেলনের ধারাবাহিকতায় নিউ ইয়র্কে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা উত্থাপন করেন।
এই উদ্যোগ সফল হলে বহুদিনের সংঘাতপূর্ণ গাজা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে বলে আশা করা হচ্ছে।




