বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এগিয়ে চলেছেন মামদানি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে জয়ের পথে এগিয়ে চলেছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি। সাম্প্রতিক জরিপ ও বিভিন্ন সামাজিক ফোরামের বিশ্লেষণে দেখা যাচ্ছে, তরুণ ভোটার, প্রগতিশীল মহল এবং হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সমর্থন পেয়ে তিনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। তহবিল সংগ্রহেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন তিনি।

নিউ ইয়র্ক সিটির ২০২৫ সালের মেয়র নির্বাচনের জন্য ম্যারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক অপিনিয়ন পরিচালিত সর্বশেষ জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি ৪৫% সমর্থন নিয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ২৪%, রিপাবলিকান প্রার্থী কারটিস স্লিউয়া ১৭% এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস ৯% সমর্থন পাচ্ছেন।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপ অনুযায়ী, সম্ভাব্য ভোটারদের মধ্যে মামদানি পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর এন্ড্রু কিউমো পেয়েছেন ২৩ শতাংশ। রিপাবলিকান নেতা কারটিস স্লিউয়া রয়েছেন ১৫ শতাংশে, আর বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সমর্থন ১২ শতাংশে নেমে এসেছে। অপর এক জরিপে (এএআরপি নিউ ইয়র্ক/গথাম পোলিং) মামদানি পেয়েছেন প্রায় ৪২ শতাংশ সমর্থন, যেখানে কিউমো ২৩ শতাংশ এবং স্লিউয়া ১৬ শতাংশ সমর্থন পান।

জরিপে দেখা যাচ্ছে, মামদানি সব বয়সী, বর্ণ ও আয়ের গোষ্ঠীর মধ্যে সমর্থন পাচ্ছেন, তবে তরুণ এবং কালো ও হিস্পানিক ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। যারা মামদানিকে সমর্থন করছেন, তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তারা তার পক্ষে ভোট দিতে ‘অত্যন্ত উৎসাহী’।

এগিয়ে যাওয়ার পথে মামদানির পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু প্রভাবশালী নেতা। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং স্টেট অ্যাসেম্বলি স্পিকার কার্ল হিইস্টি প্রকাশ্যে তাকে সমর্থন জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই সমর্থন তার প্রচারণায় বাড়তি গতি যোগ করেছে।

এছাড়া, তহবিল সংগ্রহেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন জোহরান মামদানি। তার প্রচারণা দল জানায়, জুলাই থেকে আগস্ট পর্যন্ত তিনি $১,০৫১,২০০ তহবিল সংগ্রহ করেছেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর তুলনায় দ্বিগুণ। এই অর্থের মধ্যে $৫৩২,০০০ এসেছে নিউ ইয়র্ক সিটির বাইরের দাতাদের কাছ থেকে, যা তার জাতীয় সমর্থন এবং গ্রাসরুট ভিত্তিক প্রচারণার শক্তিশালী ইঙ্গিত দেয়।

মামদানি বর্তমানে তার প্রচারণা তহবিলে মোট $৪.৪ মিলিয়ন (প্রায় ৪৪ কোটি টাকা) জমা রেখেছেন, যার মধ্যে $২.২ মিলিয়ন পাবলিক ম্যাচিং ফান্ডের জন্য যোগ্য। এটি তাকে নির্বাচনী দৌড়ে আর্থিকভাবে শক্তিশালী অবস্থানে রেখেছে।

তার নির্বাচনী তহবিল সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য দিক হলো, তিনি ১,১০০ জনেরও বেশি দাতা থেকে অর্থ সংগ্রহ করেছেন, যা তার সমর্থকদের মধ্যে ব্যাপক অংশগ্রহণের ইঙ্গিত দেয়। এছাড়া, তার প্রচারণা দল জানায়, গত পাঁচ সপ্তাহে তিনি $১ মিলিয়নের বেশি ব্যক্তিগত দান সংগ্রহ করেছেন, যা তার পূর্ববর্তী যেকোনো সময়ের তুলনায় বেশি।

এদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো $৫৪১,৩০১ সংগ্রহ করেছেন, যা মামদানি থেকে অনেক কম। রিপাবলিকান প্রার্থী কারটিস স্লিউয়া $৪০৭,৩৩২ এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস $৪২৫,১৮১ সংগ্রহ করেছেন।

মামদানি তার নির্বাচনী তহবিলের অর্থ মূলত ভাড়া নিয়ন্ত্রণ, গণপরিবহন সেবা, উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোর ওপর কর বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা নীতির মতো প্রগতিশীল ইস্যুতে ব্যয় করার পরিকল্পনা করেছেন। তার এই আর্থিক শক্তি তাকে নির্বাচনী প্রচারণায় আরও সক্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলেছে।

সামাজিক মাধ্যমে তরুণদের মধ্যে তার উপস্থিতি, ধনী ১% এর ওপর কর বৃদ্ধি এবং ভাড়া, পরিবহন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে ব্যয় সংকোচনের মতো ইস্যুগুলো নিয়ে সরব অবস্থানও জনপ্রিয়তা বাড়াচ্ছে। টিকটক ও ইনস্টাগ্রামে তার প্রচারণার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

তবে প্রতিদ্বন্দ্বীরা তাকে বামপন্থী ভাবমূর্তি ও প্রশাসনিক অভিজ্ঞতার অভাব তুলে ধরে ভোটারদের মন পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের দিন ভোটার উপস্থিতি ও শেষ মুহূর্তের প্রচারণাই চূড়ান্ত ফল নির্ধারণ করবে।

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর।
বর্তমান চিত্রে মামদানি স্পষ্টভাবে এগিয়ে থাকলেও নিউ ইয়র্ক সিটির এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত অস্থিরতা বজায় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।