আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। লন্ডনে অবতরণের পর বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস ও রানি কামিলার আয়োজিত রাজকীয় শোভাযাত্রা, গার্ড অব অনার ও যৌথ সামরিক ফ্লাইপাস্টের মধ্য দিয়ে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসও উপস্থিত ছিলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এটি ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর—নির্বাচিত কোনো আমেরিকার রাজনীতিকের ক্ষেত্রে যুক্তরাজ্যে এমন নজির আগে নেই। সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলের স্টেট ব্যাঙ্কুয়েটে রাজপরিবারের সঙ্গে নৈশভোজে অংশ নেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। বৃহস্পতিবার চেকারসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, শুল্ক, ইউক্রেন ও ইসরায়েলসহ ভূরাজনীতি নিয়ে আলোচনা হবে।
ডাউনিং স্ট্রিট এ সফরকে দুই দেশের ‘স্পেশাল রিলেশনশিপ’ মজবুত করার সুযোগ হিসেবে দেখছে। প্রযুক্তি–বিনিয়োগ টানতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে মাইক্রোসফট, গুগল, এনভিডিয়া, ওপেনএআইসহ বড় টেক কোম্পানির মোট ৩১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে আলোচনাও এজেন্ডায় আছে।
তবে জাঁকজমকের পাশাপাশি বিক্ষোভও হয়েছে। উইন্ডসরে নিরাপত্তা বলয় জোরদার করা হলেও রাজধানী লন্ডনে ট্রাম্পবিরোধী সমাবেশের ডাক দেয়া হয়; উইন্ডসরের এক টাওয়ারে ট্রাম্প–জেফ্রি এপস্টিনের ছবি প্রজেকশনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজকীয় আয়োজনে যুক্তরাজ্য–আমেরিকার প্রতিরক্ষা অংশীদারত্বের প্রতীক হিসেবে যুক্তরাজ্য ও আমেরিকার এফ–৩৫ যুদ্ধবিমানের যৌথ উড়ান প্রদর্শিত হয়। ট্রাম্প ব্রিটেনের প্রতি ভালোবাসার কথা জানিয়ে এ সফরকে “বিশেষ” আখ্যা দেন।
বিশ্লেষকদের মতে, সফর সফল হলে রাজা চার্লসের কূটনৈতিক প্রোফাইল ও যুক্তরাজ্যের অর্থনৈতিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা যাবে; তবে ট্রাম্পের ব্রিটেনে জনপ্রিয়তা কম থাকা এবং সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ—দুটিই এ সফরের রাজনৈতিক হিসাব–নিকাশে প্রভাব ফেলতে পারে।




