বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এবং রাজধানীটিকে কেন্দ্রীয় শাসনের আওতায় আনার হুমকি দিয়েছেন। ডিসির মেয়র ম্যুরিয়েল বাউজার জানান, শহরের পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর সঙ্গে সহযোগিতা করবে না—তার ঘোষণার পরই ট্রাম্প এ হুমকি দেন বলে রয়টার্স জানিয়েছে।

বিষয়টির সূত্রপাত হয় অবৈধভাবে আমেরিকায় থাকা বা প্রবেশকারী ব্যক্তিদের তথ্য প্রদান–সংক্রান্ত বিধানকে ঘিরে মতপার্থক্য থেকে। বাউজার স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ (এমপিডি) আইসিই–কে সেই তথ্য দেবে না।

এর আগে আগস্টে ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। চলতি মাসের শুরুতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ জানায়। বর্তমানে শহরজুড়ে দুই হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য টহল দিচ্ছে—যা সমালোচকদের ভাষায় ফেডারেল সরকারের আওতাবহির্ভূত ক্ষমতার চর্চা। রাজধানীতে ‘আইন–শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা’র যুক্তিতে এই বাহিনী মোতায়েন করা হয় বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে।

সোমবার ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ‘জায়গাটি’ পুরোপুরি জমজমাট—কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো, কার্যত কোনো অপরাধ নেই।” এ পোস্টের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে মেয়র বাউজারের দপ্তর তাৎক্ষণিক সাড়া দেয়নি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ট্রাম্প প্রশাসন এমপিডি–কে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়া এবং আইসিইসহ ফেডারেল আইন–শৃঙ্খলা বাহিনীকে রাজধানীর রাস্তায় পুলিশি দায়িত্বে নামানোর পদক্ষেপ নেয়। সমালোচকদের মতে, এসব পদক্ষেপ শহরের নির্বাচিত প্রশাসনের ক্ষমতায় হস্তক্ষেপ ও ফেডারেলিজমের নীতির পরিপন্থী; তবে ট্রাম্প শিবির বলছে, অপরাধ দমনে জরুরি ব্যবস্থা ছাড়া বিকল্প নেই।