বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফেড গভর্নর লিসা কুককে অপসারণে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আদালতের ‘স্টে’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের প্রক্রিয়া গত মঙ্গলবার সাময়িকভাবে আটকে দিয়েছেন ওয়াশিংটন ডিসির এক ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে চালু হওয়া এ পদক্ষেপকে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের স্বাধীনতার বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ডিস্ট্রিক্ট জজ জিয়া কব এক অন্তর্বর্তী আদেশে বলেন, কুক ফেডে যোগদানের আগে বন্ধকি ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছিল—কিন্তু তা অপসারণের পর্যাপ্ত আইনি ভিত্তি নয়। রায়ে আরও উল্লেখ করা হয়, বোর্ড সদস্য হিসেবে কুকের কর্মকাণ্ডে জনগণ বা ফেড বোর্ডের কোনো ক্ষতি হয়েছে—এমন প্রমাণ হোয়াইট হাউস দেখাতে পারেনি। শুরু থেকেই কুক অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত আগস্টের শেষদিকে ট্রাম্প প্রশাসন কুককে বরখাস্তের উদ্যোগ নেয়। তবে ফেড জানায়, তিনি এখনো বৈধভাবে তাঁর পদে আছেন। সর্বশেষ আদালতের আদেশে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কুককে অপসারণের প্রক্রিয়া কার্যত স্থগিত থাকছে—হোয়াইট হাউসের জন্য এটি প্রাথমিক আইনি বাধা।

আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট সরাসরি ফেড গভর্নর অপসারণের নজির নেই। ফলে এই মামলা কেবল কুককে ঘিরেই নয়, ফেডের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও নির্বাহী শাখার ক্ষমতার সীমা নিয়েও নজির স্থাপন করতে পারে। ফেড কর্তৃপক্ষ আদালতের রায় নিয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

আইনজীবীরা বলছেন, বিষয়টি আপিল হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়াতে পারে। আপাতত আদালতের ‘স্টে’ বহাল থাকায় কুক বোর্ডের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।