উত্তর আমেরিকার বাংলাদেশিদের বার্ষিক আয়োজন ৩৯তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনও ছিল জমজমাট। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে ভিড় জমে হাজারো প্রবাসীর; দিনভর চলেছে প্রদর্শনী, কনস্যুলার সেবা, সেমিনার ও ব্যবসা–বিনিয়োগ নেটওয়ার্কিংয়ের কার্যক্রম।
প্রদর্শনীতে ৬৫টিরও বেশি ভেন্ডর পণ্য–সেবা নিয়ে অংশ নেয়। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার বুথে পাসপোর্টসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। বিভিন্ন হলে আয়োজিত সেশনগুলোর মধ্যে ছিল ইয়ুথ সেমিনার, সাহিত্য–কবিতা আলোচনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গ্যাদারিংসহ একাধিক থিমেটিক আয়োজন।

দুপুরে দ্য ওয়েস্টিন, আটলান্টায় হয় বিজনেস–ইনভেস্টমেন্ট সেমিনার অ্যান্ড নেটওয়ার্কিং লাঞ্চ। এতে প্রধান অতিথি ছিলেন জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনস। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বার্ট জোনস মন্তব্য করেন—জর্জিয়া থেকে শুরু করে সর্বত্রই বাংলাদেশি কমিউনিটি সম্ভাবনাময়; গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে ফোবানাকে ঘিরে গণসমাগমই তাদের ঐক্য–সংহতির দৃশ্যমান প্রমাণ।
বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার, নিউ ইয়র্কের উদ্যোক্তা দম্পতি আকাশ রহমান ও এশা রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিকেলে মূল অডিটোরিয়ামে প্রদর্শিত হয় বাংলা সিনেমা। আরো রয়েছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা; রাত ৯টায় ফোবানার প্রশাসনিক কার্যক্রম শেষে ড্রামা সার্কেল অব নিউ ইয়র্ক নাটক মঞ্চায়ন। রাত ১০টা ৩০ মিনিট থেকে গভীর রাত পর্যন্ত প্রীতম, প্রতীক, সামিনা চৌধুরীসহ জনপ্রিয় শিল্পীর গান পরিবেশন শেষে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে রাত ১টা ৩০ মিনিটে।
শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ফোবানা, আর রবিবার সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হবে। অংশগ্রহণকারীরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণবন্ত আয়োজন।





