আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসের দক্ষিণে অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চের একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছেন; আহত অন্তত ২০ জন।
স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) এ হামলা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা জানান, সকাল ৮টা ৩০ মিনিটের কিছু আগে স্কুলে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রার্থনার সময় হামলাকারী ভবনের বাইরে থেকে গির্জার জানালা দিয়ে ভেতরে বসে থাকা শিশু ও উপাসকদের দিকে গুলি চালায়। তার কাছে একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল ছিল বলে পুলিশ জানায়। ও’হারার ভাষায়, “শিশুতে ভরা গির্জায় গুলি চালানো চরম নিষ্ঠুরতা ও কাপুরুষতা।”
বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, তিনজন নিহত হয়েছেন—যার মধ্যে বন্দুকধারীও রয়েছে; আহত ২০ জন। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলার পর হামলাকারী নিজেই আত্মহত্যা করেন।
স্থানীয় টিভি চ্যানেলগুলোর তথ্যমতে, হামলার সময় শিক্ষার্থীরা সকালের পিটি-র জন্য মাঠে জড়ো ছিল। বেসরকারি এই বিদ্যালয়টি প্রি-স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেয়; ওয়েবসাইট অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা ৩৯৫। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ পাঠ্যক্রমও চালু রয়েছে। সিএনএন জানিয়েছে, গ্রীষ্মকালীন ছুটি শেষে সোমবারই স্কুলটি খুলেছিল, দুই দিন পরই এ হামলা হলো।
হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটি ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে; হামলার উদ্দেশ্য এবং হামলাকারীর পরিচয় সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।




