আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় শনিবার ভোরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ রেস্টুরেন্টে এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে ভোর রাত সাড়ে তিনটার দিকে, যখন রেস্তোরাঁ বন্ধ হওয়ার প্রস্তুতি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অস্ত্রধারী হঠাৎ করে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। আতঙ্কে উপস্থিত ক্রেতারা ছুটোছুটি শুরু করলে মুহূর্তেই রেস্তোরাঁজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৪২টি গুলির খোসা উদ্ধার করেছে, যা ৯ মিমি ও .৪৫ ক্যালিবার পিস্তল থেকে ছোড়া হয়েছে। কাছাকাছি একটি রাস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
নিহতদের বয়স যথাক্রমে ১৯, ২৭ ও ৩৫ বছর। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে বেশিরভাগই প্রাণহানির ঝুঁকির বাইরে থাকলেও কয়েকজন এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে পুলিশ এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকে “মর্মান্তিক ট্র্যাজেডি” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “২০২৫ সালের প্রথম সাত মাসে বন্দুক সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। এ ধরনের ঘটনা আমাদের শহরের জন্য ব্যতিক্রম।” এ সময় তিনি অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা কখনও চাই না যে আমাদের শহরের মানুষ এই ধরনের সহিংসতার শিকার হোক। পুলিশ বিভাগ ও প্রশাসন এ ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
উল্লেখ্য, একই রেস্তোরাঁয় এর আগে ২০২৪ সালের নভেম্বরে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যা নিয়ে তখনও উদ্বেগ দেখা দেয়। এ কারণে স্থানীয়রা মনে করছেন, ক্রাউন হাইটস এলাকায় অপরাধী গোষ্ঠীর আধিপত্য বিস্তারই এ ধরনের সহিংসতার মূল কারণ।
বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে। হামলার সঙ্গে অন্তত চারজন অস্ত্রধারীর সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, তথ্য জানাতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় ব্রুকলিনের স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছেন। শহরের বিভিন্ন মহল থেকে বন্দুক সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।




