আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমেরিকার আলাস্কার অ্যানকরেজে।
শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সম্মেলনকে দুই দেশের মধ্যে ২০১৯ সালের পর প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৈঠকের শুরুতে ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। তাঁর ভাষায়, “আমরা আজই রক্তপাত বন্ধ করতে চাই।” তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানে ইতিবাচক অগ্রগতি আসবে।
বৈঠকে আমেরিকার পক্ষ থেকে সিনেটর মার্কো রুবিও ও উপদেষ্টা স্টিভ উইটকফ এবং রাশিয়ার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও উপদেষ্টা ইউরি উশাকভ অংশ নেন। আলোচনায় ইউক্রেন সংকট ছাড়াও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত স্থিতিশীলতা ইস্যু প্রাধান্য পায়।
আলাস্কাকে বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়ার পেছনে ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে। একসময় রাশিয়ার অধীনে থাকা এই অঙ্গরাজ্য ১৮৬৭ সালে আমেরিকা কিনে নেয়।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক পুতিনের জন্য পশ্চিমা বিশ্বের কূটনৈতিক অবরোধ ভাঙার প্রতীকী সাফল্য, আর ট্রাম্পের জন্য নিজেকে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার সুযোগ।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনায় অন্তর্ভুক্ত না করায় ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য দেশগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, যুদ্ধবিরতির নামে রাশিয়ার দখলকৃত অঞ্চলের উপর নিয়ন্ত্রণ স্থায়ী হয়ে যেতে পারে।
সম্মেলন শেষ হলেও যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবু আলাস্কার বৈঠককে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।




