শনিবার

,

১১ই জুলাই, ২০২৬

ওয়াশিংটন থেকে গৃহহীনদের ‘অনেক দূরে’ সরিয়ে নিতে চান ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

রবিবার (১০ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, “গৃহহীনদের অবিলম্বে সরে যেতে হবে। আমরা থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।” অপরাধীদের ক্ষেত্রেও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “অপরাধীরা, তোমাদেরও সরে যেতে হবে না। আমরা তোমাদের জেলে পাঠাব।”

ট্রাম্প তার পোস্টে গৃহহীনদের তাঁবু ও রাস্তার পাশে জমে থাকা আবর্জনার ছবি শেয়ার করেন এবং প্রতিশ্রুতি দেন, “আমি রাজধানীকে আগের চেয়ে আরও নিরাপদ ও সুন্দর করব।”

এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প কীভাবে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করবেন তা হোয়াইট হাউস স্পষ্ট করেনি। আইন অনুযায়ী, প্রেসিডেন্ট শুধু শহরের সরকারি জমি ও ভবন নিয়ন্ত্রণ করেন।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার প্রতিক্রিয়ায় বলেন, “রাজধানীতে অপরাধ বৃদ্ধির কোনো প্রমাণ নেই। ২০২৩ সালের ভয়াবহ বৃদ্ধির পর এখন সহিংস অপরাধ ৩০ বছরের সর্বনিম্নে।”

শহরের পুলিশ বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের প্রথম সাত মাসে সহিংস অপরাধ গত বছরের তুলনায় ২৬ শতাংশ ও সামগ্রিক অপরাধ ৭ শতাংশ কমেছে।

কমিউনিটি পার্টনারশিপের হিসাবে, ওয়াশিংটনের প্রায় ৭ লাখ জনসংখ্যার মধ্যে প্রতিরাতে ৩,৭৮২ জন গৃহহীনতার সম্মুখীন হন, যাদের মধ্যে প্রায় ৮০০ জন রাস্তায় থাকেন। গৃহহীনদের বেশিরভাগই জরুরি আশ্রয়কেন্দ্র বা ট্রানজিশনাল হাউজিংয়ে থাকেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসনের একজন তরুণ কর্মীর ওপর সহিংস হামলার পর শহরে আরও আইন প্রয়োগকারী কর্মকর্তা মোতায়েন করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্টকে ক্ষুব্ধ করেছিল।