এশিয়া কাপ সামনে রেখে বুধবার (৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ক্যাম্প শুরু হয়েছে বিসিবি ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে।
জাতীয় দলের ক্রিকেটারদের স্বল্প সময়ের ছুটি মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পে প্রাথমিকভাবে হবে ফিটনেস অনুশীলন। ক্যাম্প চলবে ১৪ আগস্ট পর্যন্ত। ক্যাম্পের শেষভাগে, ১২ ও ১৩ আগস্ট, দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ ফিল সিমন্সসহ বিদেশি কোচিং স্টাফরা।
এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। তবে এই ক্যাম্প মিরপুরে স্থায়ী নয়। নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ক্যাম্পের মাঝপথেই বাংলাদেশ দল চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ আগস্ট থেকে চলবে স্কিল ক্যাম্পের বাকি অংশ।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বাইরে হলেও গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত চলতি মাসে ভারতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় এই সিরিজের আয়োজন করা হয়েছে।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৩০ আগস্ট, পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। এরপরই বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে এশিয়া কাপে অংশ নিতে।




