বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইন। সম্প্রতি স্কাই পডকাস্টে আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার মাইক অ্যাথারটনকে তিনি বলেন, ক্রিকেটে রাজনীতি বন্ধ করার সময় এসেছে।
বাংলাদেশ নিরাপত্তা জনিত কারনে ভারতে বিশ্বকাপের ম্যাচ গুলো না খেলে শ্রীলঙ্কায় খেলার অনুরোধ জানিয়েছিল আইসিসিকে। তবে আইসিসি তা আমলে নেয়নি। বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত তাদের বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নাসের হুসেইন প্রশ্ন তুলেছেন, ভারত যদি এই একই দাবি জানাত তাহলে কি আইসিসি ভারতকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করত? তারা কি ভারতকে বলতে পারত- তোমরা নিয়ম জানো, তোমাদের কপাল খারাপ, আমরা তোমাদের বাদ দিয়ে দিচ্ছি।
বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক অবস্থান বললেও, পাকিস্তানের এমন দৃঢ় সিদ্ধান্তের প্রশংসা করেছেন নাসের হুসেইন। সাবেক ইংলিশ ক্রিকেটার বলেন, বাংলাদেশের নিজেদের সিদ্ধান্তে অটল থাকা ও তাতে পাকিস্তানের সমর্থন দেওয়া তার ভালো লেগেছে।
ক্রিকেটে অনেক আগে থেকেই রাজনীতি ছিল বলে মনে করেন নাসের হুসেইন। তবে সাম্প্রতিক বছর গুলোতে সেটা আরও তীব্র আকার ধারণ করেছে। ভারত যে ক্রিকেটের সম্প্রীতি নষ্ট করেছ তার একটি ইঙ্গিত ফুটে উঠেছে সাবেক ইংলিশ ক্রিকেটারের কন্ঠে। সবশেষ এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। এমনকি পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে শিরোপা নিতেও অপারগতা জানায় দেশটি। এটাকে চরম হতাশাজনক বলে উল্লেখ করেছেন নাসের হুসেইন।
ভারতের এমন অবস্থানকে রাজনৈতিক মনে করিয়ে দিয়ে নাসের হুসেইন মোস্তাফিজ প্রসঙ্গ সামনে এনেছেন। তিনি মাইক এথারটনকে বলেন, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নেয়। সবকিছু ঠিকঠাক থাকলেও বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতী হওয়ায় তারা ফিজকে বাদ দিয়ে দিল। নাসের হুসেইন বলেন সংকটের শুরু তো এখান থেকেই।
আইসিসির কড়া সমালোচনা ভেসে ওঠে নাসের হুসেইনের কন্ঠে। তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তানের প্রতি আইসিসি যেমন আচরণ করছে একই আচরণ ভারতের প্রতিও করা উচিত। দায়িত্বশীল জায়গায় থেকে আইসিসির এমন সিদ্ধান্তকে দ্বিচারিতে হিসেবে উল্লেখ করলেও ভুল কিছু হবে না। তবে নাসের হুসেইন আক্ষেপ করেন, পূর্বের মতো ভারত-পাকিস্তান বা বাংলাদেশ-ভারতের মাঠের লড়াই ভবিষ্যতেও হুমকির মুখে পড়বে।




