শনিবার

,

১১ই এপ্রিল, ২০২৬

সাফজয়ী নারী ফুটসাল দল দেশে ফিরল ফুলেল শুভেচ্ছায়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটসাল দল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ব্যাংকক থেকে দেশে ফিরেছে। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এরপর ছাদখোলা বাসে করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটিকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে, যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে ২০২২ ও ২০২৪ সালে সাফ ফুটবলজয়ী নারী ফুটবল দলকেও একইভাবে সংবর্ধনা দিয়েছিল বাফুফে। সংবর্ধনা অনুষ্ঠানে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। ম্যাচ জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের ভালোবাসা দেখতে পাই। সেখান থেকেই মেয়েরা উৎসাহিত হয়, খেলার আগ্রহ বাড়ে। এই ট্রফি দেশের মানুষের জন্য।”

প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে পিছিয়ে থেকেও ৩-৩ গোলের ড্র করে মাঠ ছাড়ে। এরপর নেপালকে ৩-০, শ্রীলংকাকে ৬-৩ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে যায় সাবিনা বাহিনী। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

এই ঐতিহাসিক সাফল্যে নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। ফুটবলারদের প্রতি ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতে বাংলাদেশ নারী ফুটসালের আরও সাফল্যের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।