বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শাকিব-বুবলী প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীর সাম্প্রতিক পারিবারিক মুহূর্ত নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে, তখন ভক্তদের একটাই প্রশ্ন—অপু বিশ্বাস কী ভাবছেন? অবশেষে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তবে সরাসরি কিছু না বললেও, ১৫ জুনের একটি ফেসবুক স্ট্যাটাস পড়ার পরামর্শ দিয়েছেন অপু।

রবিবার (৩ আগস্ট) ঢাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে শাকিব খান, বুবলী এবং তাদের ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে চলমান আলোচনা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।”

শাকিব প্রসঙ্গে আরও প্রশ্ন করা হলে অপু কৌশলী ভঙ্গিতে বলেন, “আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।”

তিনি যোগ করেন, “ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী। যাদের নাম বললেন, তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।”

এর আগে অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার জীবনের সবচেয়ে বড় পরিচয় তার সন্তান আব্রাহাম খান জয়-এর মা হওয়া। তিনি বলেছিলেন, “আমার জীবনের সফলতা সেদিনই আসবে, যেদিন জয়কে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।”

এদিকে আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান। সেখানেই ছেলে বীর ও প্রাক্তন স্ত্রী বুবলীর সঙ্গে পারিবারিক সময় কাটাচ্ছেন তিনি। তাদের একসঙ্গে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

অপুর মন্তব্যে ইঙ্গিত থাকলেও, অনেকেই বলছেন—এটাই তাঁর পরিপক্কতা ও ব্যক্তিত্বের প্রকাশ, যেখানে ব্যক্তিগত আঘাতের প্রতিক্রিয়া নয়, বরং নিজেকে সম্মানজনক অবস্থানে তুলে ধরাটাই মুখ্য।