সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুঁথি গান ও কিচ্ছা পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী দিলরুবা খান। ‘পাগল মন’খ্যাত এই শিল্পী নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান। তিনি লিখেছেন, শৈশবে গ্রামবাংলার সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুঁথি গান, কিচ্ছা ও গীতের সুরেলা পরিবেশনা শোনা যেত। আধুনিকতার চাপে সেই ধারাগুলো আজ বিলুপ্তপ্রায়। তাই হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস হিসেবে এই উদ্যোগ নিয়েছেন।
দিলরুবা খান জানান, ঐতিহ্যবাহী পুঁথির ছন্দ এবং কিচ্ছার বর্ণনাভঙ্গিতে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছেন। এটি কেবল ব্যক্তিকেন্দ্রিক কাজ নয়, বরং লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা।
তিনি আশা প্রকাশ করেন, গ্রামবাংলার চিরচেনা এই শৈল্পিক উপস্থাপনা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষায় আগ্রহ সৃষ্টি করবে। শিল্পী জানিয়েছেন, রবিবার (২৫ জানুয়ারি) তাঁর ইউটিউব চ্যানেল থেকে পুঁথি প্রকাশিত হয়েছে এবং সোমবার প্রকাশিত হবে কিচ্ছা।




