আমেরিকান পপ সেনসেশন টেইলর সুইফট আবারও গড়লেন নতুন রেকর্ড। সংগীতের অভিজাত প্ল্যাটফর্ম ‘সংরাইটারস হল অব ফেম’-এ যুক্ত হয়েছে তাঁর নাম। মাত্র ৩৬ বছর বয়সে এ সম্মান অর্জন করে তিনি হয়েছেন সর্বকনিষ্ঠ নারী শিল্পী। এর আগে ১৯৮৭ সালে ক্যারোল বেয়ার স্যাজার ৪৩ বছর বয়সে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।
আগামী ১১ জুন নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে সুইফটকে এ স্বীকৃতি দেওয়া হবে। এ বছর আরও কয়েকজন শিল্পী সংরাইটারস হল অব ফেমে যুক্ত হচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ‘কিস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা জিন সিমন্স ও পল স্ট্যানলি, সফট রক কিংবদন্তি কেনি লগিন্স, অল্টারনেটিভ রক আইকন অ্যালানিস মরিসেট এবং আরঅ্যান্ডবি গীতিকার ও প্রযোজক ক্রিস্টোফার ‘ট্রিকি’ স্টুয়ার্ট।
প্ল্যাটফর্মটির চেয়ারম্যান নাইল রজার্স বলেন, সংগীত শিল্প গড়ে উঠেছে অসাধারণ গীতিকারদের প্রতিভার ওপর। তাঁদের শিল্পসত্তা ছাড়া রেকর্ডেড গান, কনসার্ট কিংবা শ্রোতাদের সম্পৃক্ততা সম্ভব হতো না। এ বছরের তালিকা শুধু কালজয়ী গানই নয়, বরং বিভিন্ন ঘরানার সংগীতের ঐক্যের প্রতিরূপও তুলে ধরছে।




